বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছরের গ্রীষ্মের আগেই এ উৎস থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য বাড়ির ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎও কিনবে সরকার। প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গত আট মাসে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট বেড়েছে। এ পরিস্থিতিতে সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিকল্প নেই।
মন্ত্রী বলেন, আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য রয়েছে সরকারের। এ লক্ষ্য অর্জন করা গেলে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি কৃষি অর্থনীতির উন্নয়নও অব্যাহত রাখা সম্ভব হবে।
তিনি বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপনে সবাইকে উৎসাহিত করেন। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিপর্যায় থেকেও এগিয়ে আসার আহ্বান জানান। ব্যক্তিপর্যায়ে সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনবে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমবে। কমবে বিদ্যুৎ উৎপাদনে সরকারের ব্যয় ও ভর্তুকির চাপ। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, সংসদ সদস্য শফিকুল হক মিলন, আবু সাঈদ চাঁদ, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।


