হাসিনার সংবাদ সম্মেলন: ভারতের হাইকমিশনারকে তলব চায় এনসিপি

হাসিনার সংবাদ সম্মেলন: ভারতের হাইকমিশনারকে তলব চায় এনসিপি
রাজধানীর বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়ার ঘটনায় ভারতের বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে তলব করে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ দাবি জানান।

তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় সরকার কূটনৈতিক তৎপরতায় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সজীব ভূঁইয়া বলেন, ‘সরকার শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঠেকাতে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছিল। কিন্তু আমরা দেখলাম, সরকারের এসব কূটনৈতিক তৎপরতা এক ধরনের নৈতিক ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা দাবি করছি, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে তলব করে এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে সতর্কবার্তা দেওয়া হোক।’

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে ক্রিকেটার সাকিব আল হাসানের প্রসঙ্গও তোলেন সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে সাকিবের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হয়েছে।

এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে এনসিপির আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ দলের লিখিত বিবৃতি পাঠ করেন।

বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর মতো একটি গুরুত্বপূর্ণ দিনে নয়াদিল্লিতে শেখ হাসিনা ও তার সহযোগীদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা ও জাতীয় মর্যাদার প্রতি অসম্মান।

এনসিপি ভারতের এ পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে যথেষ্ট উদ্যোগ না নেওয়ায় বর্তমান সরকারের জবাবদিহিও নিশ্চিত করা উচিত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad