গণহত্যার বিচারের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। আগামীকাল মঙ্গলবার বিকালে ঢাকার বিজয়নগরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ১১-দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ২৩ জুনকে ঘিরেই ১১-দলীয় জোট প্রতিবাদ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে। বিকালে বিজয়নগরে অনুষ্ঠেয় এ সমাবেশে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, দেশে গণহত্যার বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে এবং বিরোধী নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও বাড়ছে। এসব ঘটনার প্রতিবাদেই তারা মাঠে নামছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সীমান্ত হত্যা ও পুশইন ইস্যুতেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
এ সময় তিনি দাবি করেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে। এ অবস্থায় জননিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ১১-দলীয় জোটের এই নেতা।
এর আগে ,রোববার রাতে জোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকেই মঙ্গলবার ঢাকায় সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।


