মাদারীপুরের রাজৈরে এক তরুণ-তরুণীর প্রেমের কথোপকথনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজৈর পৌরসভার পূর্ব স্বরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে রাজৈর পৌর এলাকার হৃদয় নন্দী গ্রামের (গুচ্ছগ্রাম) সাবেক কাউন্সিলর আজিজুল রহমান হাওলাদার রাহিমের অনুসারীদের সঙ্গে পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাকারিয়া খালাশির লোকজনের কথা কাটাকাটি হয়। স্থানীয়দের দাবি, এক তরুণ-তরুণীর কথোপকথনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ বিরোধের শুরু।
পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে বৃহস্পতিবার সকালে লাঠিসোঁটা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। একপর্যায়ে পূর্ব স্বরমঙ্গল গ্রামের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ইয়ার আলী, আক্কাসসহ অন্তত ১০ জন আহত হন।
স্থানীয়রা আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের কয়েকটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় সতর্কতা বাড়ানো হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ‘প্রেমসংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’


