বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ফাইল অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ফাইল কমিশনে উত্থাপন করা হলে কমিশনাররা এতে সই করেন বলে টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার
এর ফলে বাংলাদেশের ভোটার হিসেবে নিবন্ধিত হলো তারেক রহমানের নাম।
এর আগে শনিবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তারেক রহমান, সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমানও।
নির্বাচন ভবনের পেছনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের একটি কক্ষে গিয়ে ছবি তোলা হয় তাদের। সেইসঙ্গে ১০ আঙ্গুলের ছাপ দেওয়া, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) ও স্বাক্ষর করার কাজও করেন বাবা-মেয়ে।
সেখানে উপস্থিত নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেছিলেন, ‘আগামীকাল এটি নির্বাচন কমিশনে পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পর তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।’
এরই মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে ভোটার তালিকা আইনে বলা আছে, কমিশন যেকোনো সময় ভোটার হওয়ার যোগ্য ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে।


