বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, তা আগের মতোই গ্রহণ করতে পারছেন তিনি।
রোববার সকালে টাইমস অব বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন দলের দু’জন নেতা।
তবে যেহেতু তার চিকিৎসার জন্য বিশেষ টিম রয়েছে, তাই নাম প্রকাশ করতে চাননি তারা। সকালের পর যেকোনো সময় চিকিৎসক দলের পক্ষ থেকে শারীরিক অবস্থার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে বলেও জানান।
সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর রাতে তাকে ভর্তি করা হয়।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে।
শুরুতে তাকে আইসিইউ সুবিধা সম্বলিত কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হলেও এখন তিনি রয়েছেন ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)’।
সবশেষ শনিবার রাতে তার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি জানিয়েছিলেন, তার শরীর যদি এভাবে চিকিৎসা গ্রহণ করে তাহলে শিগগিরই খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন ও নির্দেশনা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মেডিকেল বোর্ডের পাশাপাশি তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীনসহ বেশ কিছু দেশের চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে।
বিদেশে নেয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে উনার শারীরিক সুস্থতা, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের ওপর। সেই সিদ্ধান্ত ও সুপারিশ পরিপ্রেক্ষিতে পরবর্তীতে নেওয়া হবে।’


