অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই মামলায় আনসার-ভিডিপি ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রায় নয় কোটি টাকা আত্মসাতের মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১। র্যাব-কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের মামলা সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলমগীর আনসার-ভিডিপি ব্যাংকের নোয়াখালী ও সেনবাগ শাখার ব্যবস্থাপকের দায়িত্বে থাকাকালীন জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন।
প্রথম মামলায় তার বিরুদ্ধে ছয় কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। তিনি ভুয়া ঋণ গ্রহীতার মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করেন।
দুদকের দ্বিতীয় মামলায় ৮৯টি ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে প্রায় এক কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে।
দুই শাখায় তার বিরুদ্ধে মোট আট কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা (প্রায় ৯ কোটি টাকা) আত্মসাতের অভিযোগ এনেছে দুদক।
সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশে ব্যাংক শাখাগুলোতে অভিযান চালিয়ে কর্মকর্তারা রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাই করে অসংখ্য অনিয়ম এবং জালিয়াতির স্পষ্ট প্রমাণ পান। এই প্রমাণের ভিত্তিতে নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে দুটি মামলা করা হয়।


