মধ্যপ্রাচ্যে সংঘাতের ফলে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
হাইকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের সই করা নির্দেশনায় জানানো হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিতের লক্ষ্যে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে দুই দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সব বেঞ্চ অফিসারকে এবং দ্বৈত বেঞ্চ থেকে যে কোনো একজন বেঞ্চ অফিসারকে তাদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে হাইকোর্ট বিভাগের আইটি শাখায় উপস্থিত হয়ে ২০ এপ্রিল সোমবারের মধ্যে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।


