ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে আয়োজিত তিন দিনের শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি বুধবার স্থানীয় সময় রাত ১০টা (জিএমটি ১৮:৩০) থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লার প্রার্থনা হলে শুরু হওয়ার কথা ছিল।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এসব কথা জানিয়েছে আল জাজিরা।
সংস্থাটি একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে, লজিস্টিক বা কারিগরি সমস্যার কারণে অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে বিভিন্ন প্রদেশ থেকে সাধারণ মানুষের অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধও একটি কারণ।
ইরানের যুদ্ধ পরিস্থিতি আয়াতুল্লাহ খামেনিকে পূর্ণ মর্যাদায় বিদায় দেওয়ার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করছে বলে মনে করছেন তার সমর্থকরা। এরই মধ্যে শোক আয়োজন স্থগিতের খবর এল।
শোক অনুষ্ঠান স্থগিত হলেও, খামেনির দাফন বা শেষকৃত্যের বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে। কবে, কোথায় তাকে দাফন করা হবে সে সিদ্ধান্ত এখনও আসেনি। তবে শিগগিরই তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে তাসনিম নিউজ।


