সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৬ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজ ১

সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৬ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজ ১
নিখোঁজ পর্যটককে উদ্ধারে বিজিবির অভিযান। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বান্দরবানে সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় সাত আরোহীর মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিখোঁজ আরও এক পর্যটককে উদ্ধারে বিজিবির নেতৃত্বে সমন্বিত উদ্ধার অভিযান চলছে।

বিজিবি জানিয়েছে, শুক্রবার বিকাল ৫টা ২১ মিনিটের দিকে থানচি উপজেলার বড়পাথর এলাকায় তীব্র স্রোতের মধ্যে সাতজন আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়। এ সময় রেমাক্রি থেকে থানচিগামী বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধীন টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের একটি টহলদল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে চারজন পর্যটক, নৌকার মাঝি এবং ট্যুরিস্ট গাইডসহ মোট ছয়জনকে জীবিত উদ্ধার করে।

তবে মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) নামে এক পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার মাসকান্দা গ্রামের বাসিন্দা মো. হেলাল উদ্দিন ও মোছা. দেলোয়ারা আক্তারের ছেলে।

ঘটনার পর থেকেই জাওয়াদকে উদ্ধারে বিজিবির চারটি বিশেষ টহলদল সাঙ্গু নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধারকাজে স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি, ট্যুরিস্ট গাইড এবং স্থানীয় বাসিন্দারাও অংশ নিয়েছেন। উদ্ধার তৎপরতা জোরদার করতে বিজিবির উদ্যোগে থানচি ফায়ার সার্ভিসকে অভিযানে যুক্ত করা হয়েছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি না থাকায় নদীর তলদেশে তল্লাশি চালানো সম্ভব হয়নি। এ কারণে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। দলটি পৌঁছানোর পর নদীর তলদেশে বিস্তারিত অনুসন্ধান চালানো হবে।

বিজিবি জানিয়েছে, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্নভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad