ঘুম থেকে উঠেই মাথার ওপরে বিশাল আকৃতির অজগর! এমন দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন শ্রীমঙ্গলের পাচাউন এলাকার খলিল মিয়ার পরিবারের সদস্যরা। মুহূর্তেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। উৎসুক জনতার ভিড়ে সাপটিকে পিটিয়ে মারার প্রস্তুতিও নেয় গ্রামবাসীদের কয়েকজন। তবে শেষ মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে জীবিত উদ্ধার করেন বন্যপ্রাণী কর্মীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাচাউন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে খলিল মিয়া ও পরিবারের সদস্যরা ঘরের সিলিংয়ের বাঁশের ওপর কুণ্ডলী পাকিয়ে থাকা বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। আতঙ্কে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে যান। পরে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
একপর্যায়ে উত্তেজিত কয়েকজন গ্রামবাসী সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।
দীর্ঘ চেষ্টার পর অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারের সময় সাপটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে হাজারো মানুষের ভিড় জমে যায়। স্থানীয়দের অনেকেই মোবাইল ফোনে ভিডিও ও ছবি ধারণ করেন।
বন্যপ্রাণী কর্মীরা জানান, অজগর সাধারণত মানুষকে আক্রমণ করে না। বনাঞ্চল সংকুচিত হওয়া এবং খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসার কারণে এ ধরনের ঘটনা বাড়ছে। বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার আহ্বান জানান তারা।


