বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারি দিনব্যাপী নানা কর্মসূচির ঘোষণা করা হয়েছে।
রোববার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
নতুন বছরের প্রথমদিন সকাল ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা হবে। সেই সঙ্গে বেলা ১১টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি ফাতেহা পাঠ ও মোনাজাত করা হবে।
পরবর্তীতে দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিন, দুপুর ২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি, ফার্মগেট) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে বক্তব্য দেবেন।
এ ছাড়া ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ১ জানুয়ারি সারাদেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
একই সঙ্গে সারা দেশে সব শহীদদের কবর জিয়ারত করবেন ছাত্রদলের নেতার্মীরা। পাশাপাশি গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন সংশ্লিষ্ট এলাকার বিএনপি নেতাকর্মীরা।


