আগামী ৫ মে থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসর। এর আগে ১৮ ও ১৯ এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দলবদল। সোমবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) পক্ষে এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে দলবদলের খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এবারের লিগে অংশ নিচ্ছে ১২টি দল। নির্ধারিত ক্যালেন্ডারের সময়সূচি পেরিয়ে যাওয়াতে এবার থাকছে না কোনো সুপার লিগ। হবে ১২ দলের সিংগেল লিগ।
লিস্ট ‘এ’ এই টুর্নামেন্টে অংশ নেবে ১২টি দল; আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।
নানান নাটকীয়তার পর মাঠে গড়াচ্ছে এবারের ডিপিএল। বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে এর অধীনে সব ধরনের টুর্নামেন্ট বয়কট করে ৪২টি ক্লাব। নির্বাচনে সেসব অনিয়মের প্রমাণও পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পাঁচ সদস্যের এক স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে। এরপর ভেঙে দেয়া হয় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। এরপর তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করে এনএসসি।
সেই ধারাবাহিকতায় খুলেছে ঢাকার ক্লাব ক্রিকেটের জট। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে সভা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। যেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবালও।
প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবের মধ্যে ১০টির প্রতিনিধি উপস্থিত ছিলেন এই সভায়। ব্যস্ততায় আসতে পারেননি লেজেন্ডস অব রুপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের প্রতিনিধি। তবে তাদেরও সভায় আলোচ্য বিষয়গুলোতে সম্মতি আছে বলে জানিয়েছেন অন্য ক্লাবের প্রতিনিধিরা।


