মস্কো উৎসবে ভাবনার ছবি

মস্কো উৎসবে ভাবনার ছবি
Advertisement
Advertisement

বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার বদলে যাওয়া বাস্তবতা ও ক্রমশ পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এতে ‘প্রিন্সেস রোজি’ চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব ভাবনা। পাশাপাশি অভিনয়ে রয়েছেন অরবিন্দু মজুমদার, মাহমুদ আলম, এ কে আজাদ সেতু, জান্নাতুল বাকের খান, সালাউদ্দিন শেখসহ মহাশঙ্কর অপেরা যাত্রাদলের শিল্পীরা।

নির্মাতা আসিফ ইসলাম-এর এই চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করতে যাচ্ছে। এর বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ৪৮তম আসরে।

আগামী ১৬ এপ্রিল শুরু হওয়া এই উৎসবে সিনেমাটি প্রতিযোগিতা বিভাগের বাইরে ‘আর্টকোর’ সেকশনে প্রদর্শিত হবে। একই বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের আরও কয়েকটি ভিন্নধর্মী চলচ্চিত্রও থাকছে, যা আন্তর্জাতিক দর্শকদের সামনে নতুন গল্প ও অভিজ্ঞতা তুলে ধরবে।

শৈশব থেকেই যাত্রার সঙ্গে পরিচিত ছিলেন নির্মাতা আসিফ ইসলাম। ২০১৮ সালে ‘নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রাপালা দেখতে গিয়ে তিনি উপলব্ধি করেন, একসময়কার শক্তিশালী ও আবেগঘন এই শিল্পমাধ্যম এখন অনেক ক্ষেত্রে ভিন্ন রূপ নিচ্ছে। সেই অভিজ্ঞতাই পরবর্তীতে এই সিনেমা নির্মাণে তাকে অনুপ্রাণিত করে।

চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে, কীভাবে গল্পনির্ভর যাত্রাপালা ধীরে ধীরে গ্ল্যামারনির্ভর পরিবেশনায় রূপ নিচ্ছে। ‘প্রিন্সেস’ নামের এক নৃত্যশিল্পী মঞ্চের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, আর গল্প ও অভিনয় চাপা পড়ে যায় দর্শকের চাহিদার ভিড়ে। এর মাধ্যমে সমাজের পরিবর্তিত রুচি ও বিনোদনের ধারা প্রতিফলিত হয়েছে।

নির্মাতার ভাষায়, এটি শুধু যাত্রাশিল্পের গল্প নয়—বরং আমাদের সময়ের একটি সামাজিক প্রতিচ্ছবি, যেখানে সংস্কৃতি, দর্শকের পছন্দ এবং বিনোদনের রূপান্তর একসঙ্গে ধরা পড়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad