নারী শিল্পীদের দাপটের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৬ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)। এবারের আয়োজনে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন টেইলর সুইফট ও ম্যাডোনা। ম্যাডোনা জিতেছেন তিনটি পুরস্কার, আর রাতের সর্বোচ্চ সম্মান ‘ভিডিও অব দ্য ইয়ার’(বর্ষসেরা ভিডিও) জিতে ভিএমএ ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কারজয়ী শিল্পী হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন সুইফট।
অনুষ্ঠানে ১৩টি বিভাগে মনোনয়ন পাওয়া ম্যাডোনা টেলিভিশনে প্রচারিত তিনটি পুরস্কারই জিতে নে। সাবরিনা কার্পেন্টারের সঙ্গে ‘বেস্ট কোলাবোরেশন’(বর্ষসেরা যৌথ গান) , ‘বেস্ট ডান্স’(বর্ষসেরা নাচ) এবং ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’(বর্ষসেরা শিল্পী)। সুইফট, কার্পেন্টার, আরিয়ানা গ্রান্ডে, ব্রুনো মার্স ও মরগান ওয়ালেনকে পেছনে ফেলে ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’পুরস্কারটি জিতে নেন ৬৮ বছর বয়সী এই শিল্পী।
পুরস্কার গ্রহণের সময় ম্যাডোনা স্মরণ করেন ভিএমএর প্রথম আসরের কথা। তিনি বলেন, প্রথম ভিএমএতে যখন পারফর্ম করেছিলেন, তখন উপস্থিত অনেকেরই জন্ম হয়নি। পরে বলেন, গত দেড় বছর নিজের পরিচয় খুঁজে পাওয়া, নিজের ওপর বিশ্বাস রাখা এবং নিজের পছন্দের সংগীত তৈরিতে মন দিয়েছেন। একই কাজ করার জন্য উপস্থিত সবাইকে উৎসাহ দেন তিনি।
২৩ বছর পর ভিএমএর মঞ্চে ফিরেছেন ম্যাডোনা। লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। সাবরিনা কার্পেন্টারের সঙ্গে ‘ব্রিং ইওর লাভ’ পরিবেশনের পর চার্লি এক্সসিএক্সকে সঙ্গে নিয়ে পরিবেশন করেন ‘ড্যান্সেটেরিয়া’। ১৯৮০-এর দশকের নিউইয়র্কের ক্লাব সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি এই পরিবেশনায় অভিনেত্রী জুলিয়া গার্নারসহ একাধিক তারকা অংশ নেন।
অন্যদিকে তিনটি পুরস্কার পেয়েছেন টেইলর সুইফট। ‘দ্য ফেট অব অফিলিয়া’ গানের জন্য ‘ভিডিও অব দ্য ইয়ার’(বর্ষসেরা ভিডিও) এবং মিউজিক ভিডিও নির্মাণে তার অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ (পরিচালক সম্মাননা) পুরস্কারও জেতেন তিনি। এর মধ্য দিয়ে ভিএমএ ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কারজয়ী একক শিল্পীর স্বীকৃতি নিজের ঝুলিতে তোলে টেইলর।
পুরস্কারটি সুইফট উৎসর্গ করেন প্রয়াত মার্কিন সংগীতশিল্পী ডলি পার্টনকে। গত মাসে ৮০ বছর বয়সে ক্যানসারে মারা যান পার্টন।
প্রায় ২০ বছরের মিউজিক ভিডিও নির্মাণের অভিজ্ঞতা রয়েছে সুইফটের। এ সময়ে প্রায় ৬০টি ভিডিও নির্মাণে যুক্ত ছিলেন তিনি, এর মধ্যে ১৮টি লিখেছেন ও পরিচালনা করেছেন নিজেই।
ভিএমএর মঞ্চে নতুন গান ‘পেশেন্ট জিরো’র ভিডিও প্রকাশ করেন সুইফট। ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’অ্যালবামের গানটির ভিডিওতে ডাকোটা জনসনের সঙ্গে দ্বৈত চরিত্রে দেখা যায় তাকে। দুজনের চরিত্রের সাবেক প্রেমিক হিসেবে অভিনয় করেছেন কলিন ফারেল।
ডলি পার্টনকে স্মরণ করে পারফর্ম করেন কেইসি মাসগ্রেভসও। প্রয়াত শিল্পীর ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ গানের আর্কাইভ ফুটেজের সঙ্গে কণ্ঠ মেলান তিনি। জর্জ মাইকেলের মৃত্যুর ১০ বছর পূর্তিতেও বিশেষ পরিবেশনা ছিল অনুষ্ঠানে। তার ‘ফেইথ’ট্যুরের গান পরিবেশন করেন সোমব্র, রায়ে, টেডি সুইমস ও অ্যাডাম ল্যামবার্ট।
এবারের ভিএমএতে ‘বেস্ট পপ’পুরস্কার পেয়েছেন কে-পপ তারকা লিসা। ‘ড্রিম’গানের জন্য এই পুরস্কার জেতেন তিনি। দর্শকদের ভোটে ব্রিটিশ নবাগত সিয়েনা স্পিরো নির্বাচিত হয়েছেন ‘বেস্ট নিউ আর্টিস্ট’(সেরা নবাগত শিল্পী)।
মিউজিক ভিডিওতে প্রভাবের স্বীকৃতি হিসেবে দেওয়া ‘মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে নির্ভানা। ‘স্মেলস লাইক টিন স্পিরিট’, ‘কাম অ্যাজ ইউ আর’, ‘ইন ব্লুম’, ‘হার্ট-শেপড বক্স’ ও ‘অল অ্যাপোলজিস’-এর মতো গানের ভিডিওর জন্য সম্মানটি দেওয়া হয় ব্যান্ডটিকে।
টেলিভিশনে সম্প্রচার না হওয়া বিভাগগুলোতেও ছিল একাধিক বড় জয়। ‘সুইম’ গানের জন্য বিটিএস জিতেছে ‘বেস্ট গ্রুপ’ (সেরা দল), ‘বেস্ট কে-পপ’(সেরা কে-পপ গান) ও ‘সং অব দ্য ইয়ার’(বর্ষসেরা গান)। ব্রুনো মার্স পেয়েছেন ‘বেস্ট আরঅ্যান্ডবি’, কার্ডি বি ও কেহলানি ‘বেস্ট হিপ-হপ’, ব্যাড বানি ‘বেস্ট লাতিন’, অলিভিয়া রদ্রিগো ‘বেস্ট অলটারনেটিভ’এবং এলা ল্যাংলি ‘বেস্ট কান্ট্রি’ পুরস্কার।
টেলিভিশনে সম্প্রচারিত আড়াই ঘণ্টার অনুষ্ঠানে ম্যাডোনা ও সুইফট মিলে ছয়টির মধ্যে চারটি পুরস্কার জিতে নেন। এনএফএল ম্যাচের কারণে অনুষ্ঠান শুরু হতে ২০ মিনিটের বেশি দেরি হয়। প্রথমবারের মতো সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্নুপ ডগ।
সূত্র: গার্ডিয়ান


