২০২৭ বিশ্বকাপই কোহলির শেষ

২০২৭ বিশ্বকাপই কোহলির শেষ
ছবি: আইসিসি
Advertisement
Advertisement

২০২৭ ওয়ানডে বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ হবে বলে নিশ্চিত করেছেন বিরাট কোহলি। ৫০ ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়া এই অভিজ্ঞ ব্যাটারের সামনে এখন ভারতের হয়ে আরেকটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য।

চলতি বছর টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। তবে ওয়ানডে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। আরেকটি বিশ্বকাপে খেলার ইচ্ছাই তাকে এই সংস্করণে ধরে রেখেছে বলে মনে করা হচ্ছে।

৩৭ বছর বয়সী কোহলি এবার পঞ্চম বিশ্বকাপে খেলতে প্রস্তুতি নিচ্ছেন। ২০১১ সালে বিশ্বকাপ অভিষেক হয় তার। সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ঘরের মাঠে বিশ্বকাপ জেতে ভারত। তবে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা হয়ে ওঠার পর আর বিশ্বকাপ ট্রফি জিততে পারেননি কোহলি।

শনিবার জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ২০২৭ বিশ্বকাপই ভারতের হয়ে তার বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ।

কোহলি বলেন, ‘ভারতের হয়ে এটাই আমার শেষ বিশ্বকাপ। এটাই আমার অনুপ্রেরণা। মাঠে নিজের সবটুকু দিতে চাই। অবশ্যই লক্ষ্য বিশ্বকাপ জেতা। এর জন্য যা প্রয়োজন, সবকিছু করতে আমি পুরোপুরি প্রস্তুত।’

আরও পড়ুন

২০২৭ বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ভারত থেকে দূরে অনুষ্ঠিত হওয়ায় এবারের বিশ্বকাপ ভিন্ন চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করেন কোহলি।

৫০ ওভারের ক্রিকেটের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছেন তিনি। তার মতে, ওয়ানডে বিশ্বকাপের তীব্রতার সঙ্গে অন্য কোনো প্রতিযোগিতার তুলনা হয় না।

আরেকটি বিশ্বকাপে খেলার লক্ষ্য শুধু কোহলির নয়। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর ওয়ানডে খেলা চালিয়ে যাচ্ছেন ভারতের আরেক সাবেক অধিনায়ক রোহিত শর্মাও।

রোহিত বলেন, ‘আমি কখনো ভাবিনি আমার কাজ শেষ হয়ে গেছে। যতদিন খেলব, ততদিন নতুন কিছুর অপেক্ষায় থাকব। এখন আমি বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতের দলে জায়গা পেয়েছেন কোহলি ও রোহিত। সিরিজের প্রথম ম্যাচ রোববার তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad