এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে যশোরের হামিদপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প চলছে। শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমিতে চলছে এই ক্যাম্প।
শনিবার বিকালে দলের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান কোচ লডউইক ডি ক্রুইফ। অ্যাকাডেমির অবকাঠামো ও পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, খেলোয়াড়দের উন্নয়নে প্রশিক্ষণ, থাকা-খাওয়া ও পুষ্টি গুরুত্বপূর্ণ। আবহাওয়ার কারণে অনুশীলনে কিছুটা সমস্যা হলেও প্রস্তুতি ভালোভাবে এগোচ্ছে।
ডি ক্রুইফ বলেন, ‘বয়সভিত্তিক ফুটবলে শুধু জয় নয়, খেলোয়াড়দের দক্ষতা ও মানোন্নয়নও গুরুত্বপূর্ণ।’ তবে বাছাইয়ে ভালো ফল করে চূড়ান্ত পর্বে ওঠাই দলের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।
বাংলাদেশ ফুটবলের উন্নতিতে সন্তোষ প্রকাশ করে ডি ক্রুইফ বলেন, সঠিক প্রশিক্ষণ, ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে তরুণ খেলোয়াড়দের আরও এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি বলেন, ‘গত ১০ বছরে বাংলাদেশ ফুটবলের যে উন্নতি হয়েছে, তা দেখে আমি খুবই আনন্দিত। মামুনুল, জাহিদ, জামাল, তপু ও সোহেল রানার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। বাফুফেতে যে পরিবর্তন এসেছে, তা ফুটবলের উন্নয়নে সহায়ক। বাংলাদেশের ফুটবলের পরিবেশও ক্রমশ ভালো হচ্ছে।’
ডি ক্রুইফ জানান, ব্যক্তিগত কারণে ও বাবার মৃত্যুর পর পারিবারিক ব্যবসা দেখাশোনার জন্য তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল। পরে নাইজেরিয়ায় দুই বছর স্কাউটিং ও একাডেমির খেলোয়াড়দের উন্নয়নে কাজ করেন। সেখান থেকে খেলোয়াড়দের ইউরোপের বিভিন্ন লিগে খেলার সুযোগ তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমির পরিচালক (প্রশাসন) শেখ শামস উল বারী শিমুল ও যুগ্ম-পরিচালক, জাতীয় দলের সাবেক গোলকিপার মাসুদুর রহমান টনি।


