সাবেক এডিসি মাসুদুর রহমান মনির বরখাস্ত

সাবেক এডিসি মাসুদুর রহমান মনির বরখাস্ত
Advertisement
Advertisement

দীর্ঘদিন ধরে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল র‌্যাব-৮-এর সিপিএসসির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে মাসুদুর রহমান মনির কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে তার অফিস কক্ষ তল্লাশি করে ১০ দিনের ছুটির আবেদনপত্র পাওয়া যায়। পরে একই বছরের ১৮ নভেম্বর তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিকিৎসকের পরামর্শপত্রসহ চার সপ্তাহের মেডিকেল ছুটির আবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠান।

তবে বিধি অনুযায়ী আবেদন না হওয়ায় উভয় ছুটির আবেদন ২০২৪ সালের ১৫ ডিসেম্বর র‌্যাব সদর দপ্তর থেকে র‌্যাব-৮-এর অধিনায়কের কাছে ফেরত পাঠানো হয়। এরপর অনুমতি ছাড়া ৬০ দিনের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ২০২৫ সালের ১৭ মার্চ পুলিশ সদর দপ্তর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

সবশেষ বুধবার সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী বিভাগীয় তদন্তে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এর আগে, গত ৯ জুলাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ লঙ্ঘনের দায়ে এএসপিসহ চার কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর