কিশোরগঞ্জে প্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে হত্যা করে টাকা ‘ছিনতাই’

কিশোরগঞ্জে প্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে হত্যা করে টাকা ‘ছিনতাই’
নিহত হাবুল মিয়া। ফাইল ছবি
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের তাড়াইলে হুইলচেয়ারে চলাফেরা করা এক শারীরিক ও বাকপ্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে হত্যা করে সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার রাত আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের নিজ বাড়ির সামনের কাঁচা সড়কে এ হামলার ঘটনা ঘটে।

নিহত হাবুল মিয়া (৫২) বরুহা গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে। তিনি তাড়াইল সিএনজি স্ট্যান্ডে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, হাবুল মিয়ার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঢাকায় থাকেন এবং তিনি গ্রামে একাই বসবাস করতেন। রাতে বাড়ির সামনের সড়কে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন দুর্বৃত্ত গাছের কাঠ দিয়ে তার মাথায় আঘাত করে। বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি চিৎকার করতে পারেননি।

পরে গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। হামলার পর তার সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছে পরিবার।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সোমবার সকালে অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেছেন। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad