বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মানিলন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেস্টওয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. মিজানুর রহমান এবং তার স্ত্রী তানিয়া সুলতানা তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সেলিম মিয়া তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা গেছে, মিজানুর রহমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা তানভী হাউজিং ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা মানিলন্ডারিং এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

আরও পড়ুন

আবেদনে আরও বলা হয়, প্লট বরাদ্দের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ নেওয়ার পর প্রতিশ্রুত প্লট বুঝিয়ে না দেওয়া এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের এমডি মো. মিজানুর রহমান, চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভী ও পরিচালক মো. মোমেনের বিরুদ্ধে গত ২১ জুলাই বনানী থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়।

দুদক জানায়, মিজানুর রহমান ও তানিয়া সুলতানা তানভী দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

এমন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মিজানুর রহমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা তানভীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad