চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর আন্ডারওয়্যারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আনুমানিক দেড় কেজি স্বর্ণের পেস্ট ও পাউডার উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে এসব উদ্ধার করা হয়। তবে পেস্ট ও পাউডার থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ নির্ধারণের কাজ এখনো চলছে।
আটক যাত্রী মোহাম্মদ তুষার কুমিল্লা সদর উপজেলার দীঘলগাঁও এলাকার বাসিন্দা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সোমবার সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান তুষার। তথ্যের ভিত্তিতে তাকে তল্লাশি করে আন্ডারওয়্যারের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা পেস্ট ও পাউডার আকারের স্বর্ণসদৃশ পদার্থ উদ্ধার করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া পেস্ট ও পাউডার থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ নির্ধারণে স্বর্ণকারের সহায়তায় পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে স্বর্ণের প্রকৃত ওজন নিশ্চিত করা হবে এবং পরে চালানটি বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে।
প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া আনুমানিক ১ হাজার ৫০০ গ্রাম স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করার প্রস্তুতি চলছে।


