সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা শহরজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। কর্মস্থল বা স্কুল-কলেজের উদ্দেশে বের হওয়া নগরবাসীকে প্রায় প্রতিটি পয়েন্টেই অপেক্ষা করতে হয়েছে। যানজটের কারণে সময়মতো গণপরিবহণ পাওয়া যাচ্ছে না, প্রতিটি সিগন্যালও হচ্ছে অনেক লম্বা।
কেন এমন যানজট তা নিয়ে যখন প্রশ্ন তুলছেন ঢাকাবাসী, তখন ঢাকার মেট্রোপলিটন পুলিশ জানাল মূলত বিভিন্ন স্থানে আন্দোলন-বিক্ষোভই এই সমস্যার কারণ।
রোববার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সেখানে বলা হয়, ‘বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রোববার রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন ও গোষ্ঠী একযোগে কর্মসূচি আরম্ভ করে। এতে করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় রাজধানীর কোথাও কোথাও ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।’
ডিএমপি জানিয়েছে, এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে।
এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ দেওয়ার জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে।
যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না জানিয়ে ডিএমপি বলছে, এসব বাধা ও প্রতিকূলতা কাটিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চলছে।
অনাকাঙ্ক্ষিত এসব কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে তার জন্য দুঃখও প্রকাশ করেছে ডিএমপি।


