লন্ডন ব্রিজ চলচ্চিত্র উৎসবের মূল বিভাগে অংশ নিচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দেলুপি’। আগামী ২৪ অক্টোবর উৎসবে ছবিটির প্রদর্শনী হবে। যুক্তরাষ্ট্রের একটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ছবিটি।
গত ২০ অক্টোবর ছবিটির পরিচালক মোহাম্মদ তৌকীর ইসলাম প্রদর্শনীর খবর জানান। তবে ছবির কলাকুশলীদের কেউ উৎসবে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। এ কারণে লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের একসঙ্গে ছবিটি দেখার এবং উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আহ্বান জানান পরিচালক।
এর আগে যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত তাসভীর চলচ্চিত্র উৎসবে ‘দেলুপি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পুরুষ অভিনেতার পুরস্কার জেতেন চিরঞ্জিত বিশ্বাস। গত ১৮ অক্টোবর উৎসবের সমাপনী অনুষ্ঠানে তার হয়ে পুরস্কার গ্রহণ করেন পরিচালক তৌকীর ইসলাম।
ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত ‘দেলুপি’ ছবির গল্পের পটভূমিতে রয়েছে খুলনায় নদীর বাঁধ ভেঙে যাওয়ার পরবর্তী পরিস্থিতি এবং ২০২৪ সালের বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা। ছবিটিতে স্থানীয় বাসিন্দাদেরও দেখা গেছে। পরিবেশগত বিপর্যয় ও রাজনৈতিক উত্তেজনা গ্রামীণ জনপদের মানুষের জীবনে কী প্রভাব ফেলে, তা তুলে ধরা হয়েছে এতে।
এর আগে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম এবং ইতালির কারাওয়ান ফিল্ম ফেস্টসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘দেলুপি’।


