দুর্গাপূজার আনন্দে মেতেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারাও। কেউ পরিবারের সঙ্গে উৎসবের মুহূর্ত ভাগ করে নিয়েছেন, কেউ ঘুরছেন পূজামণ্ডপে, আবার কারও কাছে এবারের পূজা স্মৃতিমেদুর। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নানা আয়োজন, শুভেচ্ছা ও ব্যক্তিগত অনুভূতিতে উঠে এসেছে শারদীয় উৎসবের ভিন্ন ভিন্ন রং।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম পরিবারের সদস্যদের সঙ্গে দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিয়েছেন। স্বামী সনি পোদ্দারসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তোলা কয়েকটি ছবি মহাষষ্ঠীতে ইনস্টাগ্রামে প্রকাশ করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘শুভ ষষ্ঠী’। প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন মুহূর্তগুলো ভাগ করে নিয়ে উৎসবের শুরুতেই ভক্তদের সামনে তুলে ধরেন নিজের পারিবারিক উদ্যাপনের ঝলক।

অন্যদিকে, পূজামণ্ডপ ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী পূজা চেরী। বিভিন্ন মণ্ডপে প্রতিমার সামনে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তিনি। মহাসপ্তমীতে নারীর শক্তি ও ঘুরে দাঁড়ানোর সাহস নিয়ে নিজের ভাবনাও তুলে ধরেন এই অভিনেত্রী। লেখেন, ‘দেবী শুধু প্রতিমার মধ্যেই নন, তিনি প্রতিটি নারীর সাহসে, প্রতিটি প্রতিবাদে এবং আবার উঠে দাঁড়ানোর প্রতিটি গল্পে।’
আলো আর ফুলে ভরে উঠুক উৎসবের পরিবেশ—এমন প্রত্যাশার পাশাপাশি দেবীর আশীর্বাদে ক্লান্ত প্রতিটি হৃদয়ে শান্তি ফিরে আসুক বলেও কামনা করেন পূজা।
তবে অভিনেত্রী অপু বিশ্বাসের কাছে এবারের দুর্গাপূজায় আনন্দের পাশাপাশি রয়েছে মায়ের অভাববোধ। কয়েক বছর আগে মাকে হারানোর পর থেকে উৎসবের আনন্দ আগের মতো নেই বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমকে অপু বলেন, পূজার ছুটিতে তিনি ঢাকাতেই থাকবেন। বিশেষ কোনো পরিকল্পনা না থাকলেও সবার জীবনে আনন্দ আসুক এবং উৎসবের আবহ অটুট থাকুক, এমন প্রত্যাশা তার।
অভিনেতা মনোজ প্রামাণিকের কাছেও দুর্গাপূজা মানেই শৈশবের স্মৃতি, গ্রামের বাড়ি আর স্বজনদের সঙ্গে কাটানো সময়। তবে শুটিংয়ের ব্যস্ততায় এবার আর গ্রামে যাওয়া হচ্ছে না তার। ঢাকাতেই কাটবে এবারের পূজা।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে কাজের জন্য ঢাকায় আসার পরও প্রতিবছর পূজায় গ্রামের বাড়ি ফিরে যেতেন মনোজ। গ্রামের পূজার সঙ্গে জড়িয়ে আছে তার শৈশবের নানা স্মৃতি। আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানো, পূজামণ্ডপ ঘুরে দেখা আর উৎসবের খাবার খাওয়ার পাশাপাশি নারুর প্রতি বিশেষ ভালো লাগার কথাও জানিয়েছেন তিনি।
শৈশবে দুর্গাপূজার সর্বজনীন রূপ দেখেছেন মনোজ। সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা এবং স্থানীয়ভাবে আয়োজিত নানা উৎসবে বিভিন্ন পটভূমির মানুষের অংশগ্রহণের স্মৃতি এখনো তার মনে উজ্জ্বল। শারদীয় উৎসব উপলক্ষে সবাইকে শুভেচ্ছাও জানিয়েছেন এই অভিনেতা।

দেবী দুর্গার সাজে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেত্রী পরীমনি। রোববার নিজের ফেসবুক পেজে প্রকাশ করা একটি ভিডিওতে সাদা শাড়ি ও লাল পাড়, মাথায় কারুকাজ করা মুকুট এবং হাতে পদ্মফুল নিয়ে দেখা যায় তাকে। দেবীর চিরচেনা অবয়বের অনুপ্রেরণায় সাজটি তৈরি করা হয়েছে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পেয়েছেন তিনি।
ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, ‘অশুভের বিনাশ হোক, শুভর জয় হোক।’
পরীমনির এই সাজের প্রশংসা ও ভিডিওটি শেয়ার করেছেন পরিচালক চয়নিকা চৌধুরীও। মহাসপ্তমীর শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘শুভ মহাসপ্তমী। সবার জীবন সহজ ও সুন্দর হোক।’
পরিবারের সঙ্গে উৎসব উদ্যাপন, পূজামণ্ডপে ঘোরাঘুরি, গ্রামীণ জীবনের স্মৃতিচারণ কিংবা দেবীর সাজে বিশেষ বার্তা, তারকাদের এসব মুহূর্তে উঠে এসেছে দুর্গাপূজাকে ঘিরে ব্যক্তিগত অনুভূতি ও আনন্দের নানা প্রকাশ।


