জনপ্রিয় কমেডি ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম মৌসুমের নতুন অধ্যায় ‘চ্যাপ্টার ১৬’ মুক্তি পেয়েছে। কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিকটির নতুন পর্বগুলোতে থাকছে প্রেম, হাস্যরস ও অ্যাকশনের মিশেল। দর্শকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে পঞ্চম মৌসুমের পর্বের সংখ্যা বাড়ানো হয়েছে।
‘চ্যাপ্টার ১৬’-তে রয়েছে ১২১ থেকে ১২৮ নম্বর পর্ব। নতুন অধ্যায়টি দেখা যাচ্ছে বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে।
পরিচালকের একটি ফেসবুক পোস্টকে ঘিরে মুক্তির আগে নতুন অধ্যায়টি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয় । নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অমি লিখেছিলেন, ‘পাশা ভাইয়ের জীবনে ভালোবাসা দরকার।’
পরিচালকের এই বার্তার পর দর্শকদের মধ্যে প্রশ্ন ওঠে, চিরচেনা বদমেজাজি ব্যাচেলর পাশা ভাই কি অবশেষে প্রেমের দেখা পেতে যাচ্ছেন। নতুন অধ্যায়ে সেই সম্ভাবনাই উঠে এসেছে, যা চরিত্রটির গল্পে যোগ করেছে নতুন মাত্রা।
তবে প্রেমই একমাত্র আকর্ষণ নয়। পরিচালক অমির ভাষ্য অনুযায়ী, নতুন অধ্যায়ের শেষ দিকে রয়েছে জমজমাট অ্যাকশন। পরিচিত হাস্যরস, দৈনন্দিন নানা ঝামেলা আর চরিত্রগুলোর মজার কাণ্ডকারখানার পাশাপাশি এবার নাটকীয় সমাপ্তিরও আভাস থাকছে।
এদিকে নতুন অধ্যায়টি দেখতে দর্শকদের জন্য রয়েছে সাবস্ক্রিপশনের সুবিধা। যারা আগে থেকেই বঙ্গতে ‘বিপি৫ সিজন পাস’ কিনেছেন, তারা অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই ‘চ্যাপ্টার ১৬’ দেখতে পারবেন। শুধু নতুন অধ্যায়টি দেখতে চাইলে আলাদা সাবস্ক্রিপশন প্যাক কেনার সুযোগ রয়েছে।
একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকা কয়েকজন ব্যাচেলরের বন্ধুত্ব, দ্বন্দ্ব ও বিচিত্র পরিস্থিতি নিয়ে নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’ দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে জনপ্রিয়। চরিত্রগুলোর দৈনন্দিন জীবনের হাস্যকর ঘটনা ও সম্পর্কের টানাপোড়েনই ধারাবাহিকটির অন্যতম আকর্ষণ। নতুন অধ্যায়ে সেই পরিচিত আবহ বজায় রেখেই পাশা ভাইয়ের ব্যক্তিগত জীবনে নতুন মোড় আনার চেষ্টা করেছেন নির্মাতা।


