‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’–এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনে এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রুবাইয়া মেহজাবিন সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নয় বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ।।
বৃহস্পতিবার রাজধানীর তুরাগ থানায় এই জিডি করা হয় বলে নিশ্চিত করেছেন এসআই (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম রানা। কলেজ কর্তৃপক্ষের পক্ষে প্রতিষ্ঠানের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম বাদী হয়ে এই জিডি আবেদন করেন।
জিডিতে উল্লেখ করা হয়, রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের (ইংরেজি মাধ্যম) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তাকে টিসি দেওয়া হয়। বর্তমানে তিনি এই কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের কোনো পরিচয়পত্র ব্যবহারের অধিকার তার নেই।
অভিযোগে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সুহি মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে অংশ নিয়ে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘ব্রয়লার চিকেন পার্টি’র ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়েছে, রুবাইয়া মেহজাবিন সুহি মূলত মেগাসিটি কলেজের শিক্ষার্থী।
পোস্টে বলা হয়, এই শিক্ষার্থী চলমান আন্দোলনে অংশ নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে অতিউৎসাহী হয়ে তার বিরুদ্ধে এই জিডি করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। এতে আরও দাবি করা হয়, প্রতি বছরই মাইলস্টোন কর্তৃপক্ষ তাদের সুবিধামতো শিক্ষার্থীদের মেগাসিটি কলেজে ভর্তি করিয়ে থাকে এবং যেকোনো বোর্ড পরীক্ষাতেও এই দুই প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের আসন একই সঙ্গে থাকে।


