চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ জন্য নির্মিত অস্থায়ী মঞ্চ বিএনপি নেতাকর্মীদের ভারে ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে এ ঘটনা ঘটে। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সময় মঞ্চে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং দক্ষিণ জেলা বিএনপির কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছান এবং গাড়ি থেকে নেমে মঞ্চে ওঠেন। এর পরপরই অতিরিক্ত মানুষের চাপের কারণে অস্থায়ী মঞ্চটি ধসে পড়ে এবং মন্ত্রীসহ মঞ্চে থাকা অন্যরা নিচে পড়ে যান। তবে এতে মন্ত্রী গুরুতর আঘাত পাননি। ঘটনার পরপরই তিনি স্থান ত্যাগ করেন এবং তার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সাতকানিয়া সফরের উদ্দেশ্যে রওনা হন।
মন্ত্রী চলে যাওয়ার পর বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় চরম হট্টগোল ও বিশৃঙ্খলা দেখা দেয়।
ইউএন আবদুর রহমান টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘ত্রাণ বিতরণের জন্য মন্ত্রী যখন মঞ্চে অবস্থান করছিলেন, তখন তা ভেঙে পড়ে এবং এর ওপর দাঁড়িয়ে থাকা সবাই পড়ে যান। মঞ্চটি আকারে ছোট ছিল এবং মানুষের চাপ সহ্য করতে পারেনি। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্ত্বেও ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।’
তিনি আরও জানান, মঞ্চে থাকা কারও গুরুতর আঘাত লাগেনি।
বন্যাপ্লাবিত এলাকা সফরের অংশ হিসেবে শুক্রবার অর্থমন্ত্রী পতেঙ্গা, চন্দনাইশ, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া সফর করেন এবং সেখানে একাধিক ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


