দিল্লির হাতে দেশের সব গণ্ডগোলের রিমোট: গোলাম পরওয়ার

দিল্লির হাতে দেশের সব গণ্ডগোলের রিমোট: গোলাম পরওয়ার
রুকন সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের রাজনীতির যত গণ্ডগোলে পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি সবকিছু দিল্লির নিয়ন্ত্রণে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে সদস্য (রুকন) সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘জেনেভা কনভেনশন আইন, বন্দি বিনিময় আইন সব কিছুকে লঙ্ঘন করে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সব প্রযুক্তিগত সুযোগ-সুবিধা ব্যবহার করার জন্য আরাম-আয়েশে দিল্লিতে থাকার সুযোগ করে দিচ্ছে।
​আমি মনে করি, সব প্রতিবেশীর সঙ্গে আমরা যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই তেমনি দেশের স্বার্থে, ন্যায্য সম্পর্কও চাই। কিন্তু একের পর এক একটা দেশের রাজনীতি, সরকার এবং জাতীয় স্বার্থের পরিপন্থী পদক্ষেপ নিলে দেশের জনগণ তো সেটা পছন্দ করে না।’

এই জামায়াত নেটা বলেন, ‘ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, আইন আছে, সরকার আছে- তারাই শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে। জনগণের চাওয়া অনুযায়ী আমরা এই সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছি। তবে যতটা হুমকি-ধামকি তারা দিচ্ছেন, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী আমরা এখন পালন করছি। আমরা টের পাচ্ছি জনগণ এখনও সেই লাল জুলাইয়ের চেতনা ধারণ করে। এই ফ্যাসিবাদী শক্তিকে এই দেশের জনগণ কখনো বরদাস্ত করবে না। র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, আধিপত্যবাদী শক্তির সব রক্তচক্ষু উপেক্ষা করে এই জনগণই ফ্যাসিবাদের রানীকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। তারা এ দেশে এখনও আছে।’

বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি অভিযোগ করে রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি সংস্কার চায় না, তারা চায় সংশোধন। অথচ বিএনপি যে ৩১ দফার কথা বারবার বলে রাষ্ট্র সংস্কারে- ৩১ দফার এক নম্বর দফা পড়ে দেখবেন। বিএনপি স্বীকার করেছিল- রাষ্ট্র ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করবে। এখন তারা সংস্কার বলে না, এখন তো সংশোধন। তাহলে জাতির কাছে দেওয়া কথা তারা রক্ষা করলো না, অঙ্গীকার ভঙ্গ করল।’

আরও পড়ুন

‘বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা, শপথ নেওয়া এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানের সেই সংস্কারটা করা। তাহলেই সংকট নিষ্পত্তি হয়ে যাবে। আর তা যদি না করেন, তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকবে না’, যোগ করেন মিয়া গোলাম পরওয়ার।

নতুন সরকার আসার পর কয়েক মাসে দেশে অসংখ্য জনদুর্ভোগ চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘অসহনীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি; হত্যা, নির্যাতন, শিশু ধর্ষনসহ বন্যা কবলিত মানুষের দুর্ভোগ, তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না; তাদের উদ্ধার, পুনর্বাসনের তেমন কোনো সরকারি পদক্ষেপ দৃশ্যমান নয়।’

নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মো. ইব্রাহিম ভুইয়ার সভাপতিত্বে সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, কর্মপরিষদ সদস্য মশিউল আলমসহ অন্যরা। এর আগে নরসিংদী জেলার রুকনদের নিয়ে কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর