নরসিংদীর রায়পুরায় বিলের পানিতে গোসল করতে নেমে একই সঙ্গে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ভেলুয়ারচর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে নিপা আক্তার (৭) এবং একই এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতী আক্তার (১১)।
শিশুদের স্বজনদের বরাতে জানা যায়, শুক্রবার দুপুরে ভেলুয়ারচর বিলের পানিতে গোসল করতে যায় ওই দুই শিশু। এ সময় বৃষ্টিতে জমে থাকা অতিরিক্ত পানি থাকায় শিশুরা বিলের গভীরতা ধারনা করতে পারেনি। এতে ডুবে গিয়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, পানিতে ডুবে মৃত দুই শিশুর মরদেহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


