ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলমকে বহনকারী একটি ফ্লাইট তুরস্কের উদ্দেশে রওনা হয়েছে।
এক ফেসবুক পোস্টে শুক্রবার বিকালে একথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
পোস্টে বলা হয়, বিকালে ইসরায়েল থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটির যাত্রীদের মধ্যে খ্যাতনামা বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম ছিলেন বলে তুরস্কের সূত্রে জানা গেছে। টিকে-৬৯২১ ফ্লাইটটির স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করার কথা রয়েছে।

শহিদুল আলমের মুক্তি ও তাকে ইসরায়েল থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতা করায় তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যিপ এরদোয়ানকে পোস্টে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ইসরায়েলের কারাগারে আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চালায় বাংলাদেশ। শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে আজই তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নেওয়া হতে পারে।
শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙতে যাত্রা শুরু করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের বহরে যুক্ত কনসায়েন্স নামে একটি জাহাজে ছিলেন তিনি। যেখানে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা।
গত বুধবার এই নৌবহরে আক্রমণ করে ইসরায়েলি সেনারা। জাহাজ থেকে সবাইকে ধরেও নিয়ে যায় তারা।
শহিদুল আলম আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাকে মুক্ত করার উদ্যোগ নিতে বলা হয় সরকারের তরফ থেকে।


