মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামারুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত ছাতার ভেতর থেকে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাতটায় বস্তু দুটি নিষ্ক্রিয় করে। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
আহত মিরাজ আহমেদ শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী। তার বাসা মতিঝিলের আরামবাগ এলাকায়। মেট্রো স্টেশনের পাশ দিয়ে বাসায় যাওয়ার সময় বিস্ফোরণের স্প্রিন্টার তার বাম চোখের নিচে লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, স্প্রিন্টারের আঘাতে আহত ওই ব্যক্তির চক্ষু বিভাগে চিকিৎসা চলছে।
ঘটনার পর মতিঝিল থানা পুলিশ এলাকাটি ঘিরে রাখে। আলামত সংগ্রহ করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


