রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় বাস চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন। আফতাবনগরের মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা তিনি।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনে মেইন রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিশার বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। বর্তমানে মেরাদিয়া নয়াপাড়া এলাকায় থাকতেন। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, সন্ধ্যার আগে বাসায় ফেরার সময় মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনের রাস্তায় রমজান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়লে তিসা পরিবহনের আরেকটি বাসের চাকার নিচে পৃষ্ট হন তিনি। তখন পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে ভর্তি করান।
তিনি জানান, পরিবারের লোকজন খবর পেয়ে রাতে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর দুটি বাসই জব্দ করা হয়েছে। একটি বাসের চালক ও অন্যটির হেল্পারকে আটক করা হয়েছে। ঘটনার সময় ওই শিক্ষিকা হেঁটে যাচ্ছিলেন নাকি কোনো যানে ছিলেন তা এখনও জানা যায়নি।


