‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ গেজেট প্রকাশের মাধ্যমে পুলিশের আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
এ উপলক্ষে বুধবার বিকালে নবগঠিত বাহিনীর মহাপরিচালক আহসান হাবিব পলাশ সদর দপ্তরে উপস্থিত সদস্যদের সঙ্গে সরাসরি এবং দেশব্যাপী সব ব্যাটালিয়নগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। তিনি এসআরবি ফোর্সের সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বক্তব্যে তিনি নবপ্রণীত আইনের আলোকে সব আভিযানিক কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেন।
একই সঙ্গে তিনি এসআরবি ফোর্সের শুভ যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি আরও উল্লেখ করেন, এই আইনের আলোকে এসআরবির লোগো, পতাকা এবং পোশাক পরিবর্তনের বিষয়টি চলমান রয়েছে। সরকারের অনুমোদনক্রমে শিগগির পরিবর্তনগুলো বাস্তবায়ন করা হবে।
মহাপরিচালক বাহিনীর প্রতিটি সদস্যকে ন্যায়-নিষ্ঠা, সততা এবং দেশপ্রেমের মাধ্যমে জননিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানান, যাতে এসআরবি সাধারণ মানুষের পূর্ণ আস্থা অর্জনে সক্ষম হয়।


