জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডল থেকে শনিবার বিকালে একটি পোস্ট করা হয়। নারী নেতৃত্ব আর কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া ওই পোস্ট ছড়িয়ে পড়তেই বিপুল সমালোচনার মুখে পড়ে।
বিশেষ করে নারী নেটিজেনরা বিরাট প্রতিক্রিয়া দেখান, কারণ ওই পোস্টে ঘরের বাইরে কাজ করতে যাওয়াকে ‘পতিতাবৃত্তির’ সঙ্গে তুলনা করা হয়।
তীব্র সমালোচনার মুখে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। পরবর্তীতে ফের সেটির নিয়ন্ত্রণ নেওয়া হয় এবং পোস্টটি মুছে দেওয়া হয়। পাশাপাশি ঘটনা জানিয়ে মধ্যরাতে থানায় সাধারণ ডায়েরিও করা হয়।
এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে ফেলা হলেও তার স্ক্রিনশট ঘুরছে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে।
কী লেখা হয়েছিল সেই বিতর্কিত ও বহুল আলোচিত পোস্টে?

টাইমস অব বাংলাদেশের পাঠকদের জন্য ইংরেজি পোস্টটির বাংলা অনুবাদ নিচে দেওয়া হলো।
‘নারী প্রশ্নে জামায়াতের যে নীতিগত অবস্থান তা অস্পষ্ট নয়, আবার এই অবস্থানের জন্য আমরা ক্ষমাপ্রার্থীও নই।
আমরা মনে করি, নারীদের নেতৃত্বে আসা উচিত নয়। জামায়াতে নারী নেতৃত্ব অসম্ভব। আল্লাহ এর অনুমতি দেননি। আমরা বিশ্বাস করি যে আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার শিকার হয়। এটি পতিতাবৃত্তিরই আরেকটি রূপ ছাড়া আর কিছুই নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমের অশ্লীলতা, কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীর পণ্যকরণ কোনো অগ্রগতির লক্ষণ নয়; বরং এগুলো নৈতিক পতনের লক্ষণ। যতই আধুনিকতার দোহাই দেওয়া হোক না কেন আমরা অনৈতিকতার সঙ্গে আপস করতে রাজি নই।’
পোস্টের নিচে হ্যাশট্যাগ হিসেবে #জামায়াত২০২৬ #বিডিইলেকশন২০২৬ #বিল্ডিংবাংলাদেশটুগেদার যুক্ত করা হয়েছিল।


