আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কেন কোন নারী প্রার্থী দেয়নি এবং নির্বাচনে নারীরা কীভাবে প্রতিনিধিত্ব করছে এসব প্রশ্নের ব্যখ্যা নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল।
রোববার সকালে চাঁদপুরে জামায়াতের নারী প্রশ্নে মতামত ও ব্যাখা নেন ইইউ মিশনের সদস্যরা। জেলা জামায়াত কার্যালয়ের ওই বৈঠকে দলের নারী দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক লার্স প্লাজম্যান ও মাজা হুরালিমান।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা তারা মহিলা জামায়াতের বিভিন্ন বিভাগের নারীদের সঙ্গে খোলামেলা কথা বলেন।
এ সময় মহিলা জামায়াতের কুমিল্লা অঞ্চলের সহকারী সেক্রেটারী ফেরদৌসী সুলাতানা, চাঁদপুর জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারী ফারজানা আক্তার ও আয়েশা সিদ্দিকা, পৌর মহিলা জামায়াতের সেক্রেটারী মানসুরা আক্তার, পেশাজীবী মহিলা বিভাগ নেতা নাসরিন সুলাতানা উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারী ফারজানা আক্তার বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল জানতে চেয়েছে নির্বাচনে নারীদের পক্ষ আমরা প্রতিনিধিত্ব করছি কিনা এবং ভবিষ্যতেও করব কিনা। এ ছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের পক্ষ থেকে তারা কোনো নারী প্রার্থী দেখতে পাচ্ছেন না বলে জানান। এক্ষেত্রে আমাদের সমস্যাগুলো কোথায়, তা জানতে চান।’
‘আমরা বলেছি, বিগত সরকারের সময়ে মহিলা জামায়াতের পক্ষ থেকে পরিচয় দিয়ে সমাজে কথা বলার মতো পরিবেশ ছিল না। ৫ আগস্টের পর আমরা মাত্র অল্প সময় পেয়েছি। এই সময়ের মধ্যে আমাদের মহিলা জামাতের নারীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময়ও পাননি’, যোগ করেন ফারজানা।
তিনি জানান, জামায়াতে ইসলামী যে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মহিলা জামায়াতের অংশগ্রহণ রাখে এবং মতামতকে অনেক গুরুত্ব দেয়। যোগ্যাতার বিচারে নারীরা কোন অংশে পিছিয়ে থাকবে না।
এবার জাতীয় সংসদ নির্বাচনে নারীদের যথেষ্ট অংশগ্রহণ ও সফলতা রয়েছে দাবি করে তিনি বলেন, ‘এই সফলতাতেই আমরা আমাদের প্রস্তুত করে নিতে পারব। আগামীতে মহিলা জামায়াতের নির্বাচনসহ সবক্ষেত্রে অংশগ্রহণ থাকবে।’
ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক সদস্যরা জানান, তারা জামায়াতের নারী বিভাগ, শিক্ষার্থী ও জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন। এটি বাংলাদেশে তাদের নির্বাচন পর্যবেক্ষণ কাজের অংশ।


