নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গুদামে অগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও শেষ খবর পাওয়া পর্যন্ত পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার তথ্য পাওয়া যায়। খবর পেয়ে ৪টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে মোট ৯টি ইউনিট অংশ নেয়।
সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গুদামে বিপুল পরিমাণ কাপড়ে আগুন জ্বলতে থাকায় আগুন পুরোপুরি নেভানো যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও গুদামে থাকা দাহ্য কাপড়ের কারণে পুনরায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় তারা সতর্ক অবস্থানে রয়েছে।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণের পর এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


