সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়িত্ব পালনকারী ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে পদত্যাগপত্র আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানোর জন্য সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের কাছে জমা দেন তারা।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, গণভোট আয়োজন এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদে সংশ্লিষ্ট আইন কর্মকর্তারা দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আলীম উদ্দীন, অতিরিক্ত সরকারি কৌঁসুলি মোহাম্মদ নাজমুল হুদা, সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রবিউল, জুনেদ আহমদ, মো. মোজাম্মিল আলী, মো. রহমত আলী, ইয়াসিন খান, মোহাম্মদ নাজমুল ইসলাম, সালেহ আহমদ, আমিনুল ইসলাম চৌধুরী, কাজী আতিফুল হক, সাদেক আহমদ, মোহাম্মদ ময়নুল ইসলাম, মো. আব্দুল গফ্ফার, আফজল মিয়া তালুকদার, খায়রুল আলম এবং মোস্তাফিজুর রহমান।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, দীর্ঘ সময় ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করলেও বর্তমান সরকারের বিভিন্ন নীতিগত অবস্থানের সঙ্গে তারা একমত নন। বিশেষ করে গণভোট আয়োজন, সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে অনীহা এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তারা স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও আইন পেশার সদস্য হিসেবে দেশের আইন ও বিচারব্যবস্থার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ভবিষ্যতেও ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন পদত্যাগকারী আইন কর্মকর্তারা।


