রাজধানীর শেরেবাংলা নগর বিভাগীয় পাসপোর্ট অফিসে আনসার সদস্যদের সতর্কতায় পান্ডু মিয়া (৪০) নামের এক দালালকে হাতেনাতে আটক করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে প্রধান ফটকের বাইরে ঝুলানো ছবির ব্যানারের সঙ্গে মিলিয়ে তাকে শনাক্ত করে কর্তৃপক্ষকে জানান আনসার সদস্যরা। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে সেবাগ্রহীতাদের বিভ্রান্ত করার সময় তাকে আটক করা হয়।
পিসি সমরজিৎ বড়ুয়ার নেতৃত্বে আনসার বাহিনীর একটি চৌকস দল সফলভাবে এই অভিযান পরিচালনা করে।
এতে অংশ নেন এপিসি আমিনুল ইসলাম, আনসার সদস্য মাহবুব মিয়া, পিংকু কুমার এবং শুপন চাকমা। তাদের তাৎক্ষণিক ও বিচক্ষণ পদক্ষেপের কারণে পাসপোর্ট অফিসে আসা সাধারণ সেবাগ্রহীতারা হয়রানি থেকে রক্ষা পান।
আটককৃত দালালকে প্রথমে পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাকে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এই ঘটনায় পাসপোর্ট অফিসে আসা সাধারণ সেবাগ্রহীতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আনসার সদস্যদের এমন বিচক্ষণ ও সক্রিয় তৎপরতা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
দেশের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা সর্বদা নিয়োজিত।
এই সফল অভিযানটি তাদের সার্বক্ষণিক নিষ্ঠা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতারই আরেকটি অনন্য দৃষ্টান্ত।


