রাজধানী ঢাকার কাকরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসা হলে চিকিৎসক বেলা ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজুল ইসলামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে মগবাজারের নয়াটোলা এলাকার থাকতেন।
নিহতের ছেলে মো. স্বপন জানান, সিরাজুল ইসলামের কিছুটা মানসিক সমস্যা ছিল। শনিবার রাতে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। রোববার সকালে পুলিশের মাধ্যমে তিনি জানতে পারেন, তার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ দেখতে পান।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, সকাল সাড়ে ৬টার দিকে কাকরাইল প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন রাস্তায় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।


