রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ‘এলেক্স ইমন’ গ্রুপের প্রধান ইমন ওরফে এলেক্স ইমন (২৫) নিহত হয়েছেন। তার বিরুদ্ধে ১৮টি মামলা ছিল বলে জানা গেছে।
রোববার বিকালে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-সাইফ (২৩), তুহিন (২০) ও রাব্বি কাজী (২৫)।
ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে এলেক্স ইমন গ্রুপের মূলহোতা ইমন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আসামিদের গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে, তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত।
জানা গেছে, রায়েরবাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ‘এলেক্স ইমন গ্রুপ’ এবং ‘আরমান-শাহরুখ গ্রুপ’-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমনের মৃত্যু নিশ্চিত হয়।
এই ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


