নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলিনুর কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অবস্থান করছিলেন আলিনুর। এ সময় একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে পাওনা টাকা চান তিনি। এই নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজিব ছুরি দিয়ে আলিনুরের পেটে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানা-পুলিশ এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত রাজিব শেখ পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


