সরকার ভুল পথে হাঁটছে: গোলাম পরওয়ার

সরকার ভুল পথে হাঁটছে: গোলাম পরওয়ার
খুলনা প্রেস ক্লাবে ‘জুলাই অভ্যুত্থানের চেতনা: সাম্প্রতিক বাস্তবতা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গণভোটে পাওয়া জনরায় কার্যকর না করে সরকার ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরির পরিবর্তে সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়ে জনগণের প্রত্যাশা থেকে সরে এসেছে।

বুধবার রাতে খুলনায় ‘জুলাই অভ্যুত্থানের চেতনা: সাম্প্রতিক বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্য খুলনার উদ্যোগে খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে এই সেমিনারের আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের পর জুলাই সনদে সই, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ার সঙ্গে বিএনপি শুরু থেকে একমত ছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা রাষ্ট্রপতির আদেশ, গণভোট ও জুলাই সনদের বাধ্যবাধকতাকে অস্বীকার করছে, যা জাতির সঙ্গে প্রতারণা ও দ্বিচারিতার শামিল। ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় জাতীয় সংসদে বাস্তবায়ন করা না হলে বিষয়টি জনগণের কাছে নিয়ে যেতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি অভিযোগ করেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধনের জন্য যে বিশেষ কমিটি গঠন করেছে, সেটি প্রকৃত অর্থে সংস্কারের উদ্যোগ নয়। বিদ্যমান সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যে জাতীয় সংসদে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধানের আমূল পরিবর্তন করা প্রয়োজন।

খুলনা মহানগরী জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির এমরান হুসাইন এবং প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মাহফুজুর রহমান আখন্দ। সেমিনারে খেলাফত মজলিস, লেবার পার্টি, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দলের নেতারা এবং জুলাই আন্দোলনে শহীদ সাকিব রায়হানের বাবা-মা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা জুলাই অভ্যুত্থানের চেতনা ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর