বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অভিযান, আটক ৭

বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অভিযান, আটক ৭
শুক্রবার জুমার নামাজের পর বরিশাল নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বরিশাল নগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের পর অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে এ মিছিল বের হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা সড়কে অবস্থান নিয়ে ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ব্যানারসহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। তাদের ব্যানারে শেখ হাসিনার পাশাপাশি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের ছবি ছিল।

১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের নির্দেশে মিছিলটি করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় পুলিশ। মিছিল থেকে তাৎক্ষণিকভাবে পাঁচজনকে আটক করা হয়। পরে বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানা-পুলিশ আলাদা অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজন এবং পরে অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করেছে। আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় ও মিছিলে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ও শৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর