নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৯ অক্টোবর রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আবদুল্লাহ আল জহিরের বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর বিভাগের একটি দল। ডিবির পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় ওই বাসায় মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল।
অভিযানে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটকের খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এ ঘটনায় পুলিশের প্রতি জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। জনসম্মুখে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত ও বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী, গত ২৫ অক্টোবর থেকে আবদুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।


