আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার আন্তঃজেলা চোর চক্রের ছয় সদস্য। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

চট্টগ্রামের ফটিকছড়িসহ বিভিন্ন এলাকায় মুঠোফোনের টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে আন্ত:জেলা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি নোয়া মাইক্রোবাস, দুটি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যাটারির বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। শনিবার চট্টগ্রাম জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, ৩১ আগস্ট ভোরে ফটিকছড়ির ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজারে গ্রামীণফোনের একটি টাওয়ারের বিটিএস (বেস ট্রান্সসিভার স্টেশন) কক্ষের লক গার্ড ভেঙে চারটি ব্যাটারি চুরি হয়। আরও কয়েক দিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে ছয়টি ব্যাটারি চুরি হয়। এসব ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় মামলা করে।

মামলার তদন্তে পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে বিশেষ দল গঠন করা হয়।

পরে, গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সোহাগ (৩৪), সাহিদ হোসেন প্রকাশ শিবলু (৩২), মো. শামসুদ্দিন (৪১), মো. মোজাম্মেল হক (৩২) ও মো. ইউনুসকে (৪২) গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস উদ্ধার করা হয়।

২৮ অক্টোবর আদালতের অনুমতিতে গ্রেপ্তারকৃতদের দুই দিনের পুলিশি রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম স্বপনকে (৪৪) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে আরও একটি নোয়া মাইক্রোবাস এবং দুটি চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন স্থানে মুঠোফোন টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. সোহাগ কুমিল্লার লাকসামের নাউটি এলাকা, সাহিদ হোসেন প্রকাশ শিবলু ঢাকার কেরানীগঞ্জের নুরার চর এলাকা, মো. শামসুদ্দিন ও মো. মোজাম্মেল হক লাকসামের নাউটি এলাকা, মো. ইউনুস কুমিল্লার সদর দক্ষিণের ঘোষগাঁও এলাকা এবং মো. সাইফুল ইসলাম স্বপন লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা আলামতের মধ্যে দুটি নোয়া মাইক্রোবাস, দুটি ভিশন ৪৮ ভোল্ট ১০০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং চুরির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম রয়েছে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘চুরি যাওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad