গাজীপুরে দুই সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক মা। তবে কী কারণে এবং কেন এ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার বেলা ১১টার দিকে গাজীপুরের পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের নয়নপাড়া এলাকার একটি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে পুলিশ ও পূবাইল রেল স্টেশন মাস্টার মুসা ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন–গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম (নতুন বাজার) এলাকার মোজাম্মেল হকের মেয়ে হাফেজা খাতুন মালা (২৫), তার মেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম (৮) এবং ছেলে মারুফ (৫)।
পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, হাফেজা খাতুন মালা তার দুই সন্তানকে নিয়ে জয়দেবপুর থানার আতুরী এলাকার শ্বশুরবাড়িতে থাকতেন। সকালে পারিবারিক বিষয়ে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ঝগড়া হয় তার। পরে তিনি মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে দুই সন্তানসহ বাড়ি থেকে বের হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বেলা ১১টার দিকে হাফেজা খাতুন পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে নয়নপাড়া এলাকার আউটার সিগনাল এলাকায় যান। এ সময় সেখানে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেন আসলে তিনি দুই সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, দুই সন্তানকে নিয়ে হাফেজা খাতুন মালা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।


