রাষ্ট্রপক্ষের আবেদনে সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট গত ১৫ জুন আশুলিয়া থানার দুটি ও মিরপুর মডেল থানার একটি মামলায় মমতাজ বেগমকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
এই তিন মামলায় জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে রোববার এক মামলার শুনানি শেষে নো অর্ডার আদেশ দেয় আদালত।সোমবার আপিল বিভাগের চেম্বার আদালত বাকি দুটি মামলার জামিন স্থগিত করে।
গত বছরের ১২ মে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে একটি মামলায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ১৭ মে তাকে কারাগারে পাঠানো হয়।


