রাজবাড়ীর পাংশায় দুদিন ধরে নিখোঁজ থাকা রাবেয়া খাতুন (৩৫) নামের এক নারীর ক্ষতবিক্ষত ও গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে জামাল মন্ডল (৪০) নামের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
নিহত রাবেয়া খাতুন পাংশা উপজেলার নারানপুর পূর্ব রেলগেট এলাকার বাসিন্দা হোসেন আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন রাবেয়া খাতুন। স্বজনেরা সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া ঠাকুরের বাগান এলাকায় স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করে একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের শরীরে আঘাতের চিহ্নসহ গলিত মরদেহ উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ, রাবেয়াকে অমানবিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মূল আসামি জামাল মন্ডলকে গ্রেপ্তার করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত জামাল মন্ডলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য ও অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


