নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার রাত দেড়টার দিকে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের গজারমারি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,কলমাকান্দা উপজেলার ঘোষপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে নিবিড় (২৪) এবং একই গ্রামের সজিব মিয়ার ছেলে সোহান (২০)।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক কলমাকান্দা-দুর্গাপুর সড়কের রহিমপুর বাজারে চা পান করতে যান। চা খাওয়া শেষে রাত আনুমানিক ১টার দিকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
থিমধ্যে একটি মোটরসাইকেল চান্দুয়াইল এলাকায় পৌঁছালে পিছনের মোটরসাইকেলটি দেখতে না পেয়ে তারা উল্টো পথে খোঁজ করতে যান। পরে গজারমারি ব্রিজ সংলগ্ন সড়কের পাশে খাদে তিন মোটরসাইকেল আরোহীকে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিবিড় ও সোহানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বিল্লালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই যুবকের মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিনা ময়নাতদন্তে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


