চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাস পার হলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মোট বরাদ্দের অর্ধেক অর্থও ব্যয় করতে পারেনি মন্ত্রণালয় ও বিভাগগুলো।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই-মে সময়ে উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে ১ লাখ ৭৬৩ কোটি টাকা, যা সংশোধিত এডিপি বরাদ্দের মাত্র ৪৮ দশমিক ২৩ শতাংশ।
উন্নয়ন সহযোগীদের ঋণ ও অনুদান এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিলসহ চলতি অর্থবছরের সংশোধিত এডিপির মোট আকার ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা।
চলতি অর্থবছরের প্রথম ১১ মাসের এই ব্যয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ হাজার ২৪২ কোটি টাকা কম। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মে মেয়াদে এডিপি বাস্তবায়নের পরিমাণ ছিল ১ লাখ ১১ হাজার ৫ কোটি টাকা।
২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে উন্নয়ন ব্যয় ছিল ১ লাখ ৪৬ হাজার ৩৭৫ কোটি টাকা, যার তুলনায় বর্তমান উন্নয়ন ব্যয়ের শ্লথগতি আরও স্পষ্ট হয়ে ওঠে।
আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১১ মাস পেরিয়ে গেলেও নিজেদের প্রকল্পের অনুকূলে বরাদ্দের ২৫ শতাংশও খরচ করতে পারেনি সংসদবিষয়ক সচিবালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
আইএমইডির কর্মকর্তারা জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর প্রশাসনে অস্থিরতা, প্রকল্প পরিচালক ও ঠিকাদারদের অনুপস্থিতির কারণে গত অর্থবছরে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তার রেশ চলতি অর্থবছরেও বিদ্যমান ছিল।
এ ছাড়া জাতীয় নির্বাচনের কারণে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নির্বাচনমুখী ছিল। পরবর্তীতে নতুন রাজনৈতিক সরকার দায়িত্ব নিয়ে নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যহীন প্রকল্পগুলো যাচাই-বাছাই ও পর্যালোচনা শুরু করায় চলমান প্রায় ১ হাজার ৩০০ প্রকল্পের বাস্তবায়নে গতি আসেনি।


